মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জননী পরিবহনের একটি বাসের ধাক্কায় সজল শেখ (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা পিংকি নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বোর্ডের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল শেখ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের সাজাহান শেখের ছেলে। আহত পিংকি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার ইয়াকুব আলী মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা জননী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৭৫৮) একটি বাস দৌলতদিয়া ইউনিয়ন বোর্ড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে চালক ও আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজল শেখকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত পিংকির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, সজল তাঁর চাচিকে আনতে গোয়ালন্দের থেকে দৌলতদিয়ায় আসার সময় এ দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোঃ পারভেজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।