ছাত্র-জনতার দীর্ঘ লড়াই ও রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে নস্যাৎ করতে বিদেশে বসে এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পলাতক ফ্যাসিস্টরা। তবে তাদের এই অপচেষ্টা দেশের মানুষ কোনোভাবেই সফল হতে দেবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গণতন্ত্র ও শান্তিকামী মানুষের ধৈর্যের একটি নির্দিষ্ট সীমা আছে, আর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সন্ত্রাসীদের পাড়া-মহল্লা থেকে শুরু করে রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষকদলের নেতা রাজ মোল্লা হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিগত দিনের রাজনৈতিক পরিস্থিতি ও ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টরা এ দেশের মানুষের মৌলিক ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণভাবে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। দীর্ঘ ১৭ বছর ধরে শেখ হাসিনার রাজনৈতিক কৌশল ছিল রাষ্ট্রকে জিম্মি করে রাখা। অবশেষে ঐতিহাসিক এক বিপ্লবের মধ্য দিয়ে দেশে পুনরায় গণতন্ত্রের সুবাতাস ফিরে এসেছে। অথচ যারা দেশ ধ্বংস করেছে, সেই আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে নিরাপদ আশ্রয়ে থেকে ফুর্তি করছেন এবং দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে রুহুল কবির রিজভী আরও বলেন, আমরা সুস্থ ও স্বচ্ছ রাজনৈতিক ধারায় বিশ্বাস করি এবং তাদের মতো সন্ত্রাসের পথ মাড়াতে চাই না। দেশের মাটিতে আমরা শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর। কিন্তু তারা জোর করে আবারও সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে। অন্যের আশ্রয়-প্রশ্রয়ে থেকে দেশের ভেতরে নানা অরাজকতা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাদের এই অবৈধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড এ দেশের সচেতন জনগণ আর কখনো মেনে নেবে না। পাড়া-মহল্লা থেকে শুরু করে রাস্তাঘাট—সর্বত্র তাদের প্রতিহত করা হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের উৎস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি বলেন, অবৈধভাবে অর্জিত কালো টাকা ছড়িয়ে তারা মানুষ হত্যা, বোমাবাজি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, ট্রাক, বাসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস-আদালতে অগ্নিসংযোগের মতো জঘন্য কর্মকাণ্ড চালাচ্ছে। অথচ বিএনপির রাজনীতিতে আগুন-সন্ত্রাস বা নৈরাজ্যের কোনো স্থান নেই। দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থেকে তাদের মন্ত্রী ও নেতারা হরিলুটের মাধ্যমে দেশের রাজকোষ শূন্য করে বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা প্রকৃত অর্থে জনগণের ভোটাধিকার ও রাজনীতির ওপর বিশ্বাস করে না, তারাই রাতের অন্ধকারে অতর্কিতে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। যারা এভাবে লুকিয়ে থেকে হামলা করতে আসে, তাদের বিষদাঁত চিরতরে ভেঙে দিতে হবে।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।