ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাড়িতে আগুন দেওয়া সন্ত্রাসী বাহিনী, কোনো রাজনৈতিক দল নয়: রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গভীর রাতে উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদ আটক ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৫ কারখানায় ছুটি রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: জাতিসংঘে বাংলাদেশ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি, বাড়ছে শীত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ২৩ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত মধ্যরাতে উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে কড়া নিরাপত্তা জারি

২৩ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ১১:২৬ এএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের ওপর শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ ক্রান্তীয় বৃষ্টি বলয় সক্রিয় হতে যাচ্ছে। এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে উপকূলসহ কিছু এলাকায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে তাপমাত্রা দ্রুত কমে গিয়ে দেশে শীতের আমেজ আরও জেঁকে বসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এই তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ২৩ নভেম্বর সোমবার পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি বলয় বিস্তার লাভ করবে এবং আগামী ২০ ও ২১ নভেম্বর এর সর্বোচ্চ সক্রিয়তা দেখা যেতে পারে। এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের ওপর থেকে তাপপ্রবাহ সম্পূর্ণ দূর হয়ে আবহাওয়া বেশ শীতল হতে পারে।


বিডব্লিউওটি জানিয়েছে, বৃষ্টি বলয়টি প্রথমে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে সক্রিয় হতে শুরু করবে এবং পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়বে। খুলনা ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। পাশাপাশি রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় এর ভালো প্রভাব দেখা যাবে। রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এটি মাঝারি মাত্রায় সক্রিয় থাকলেও দক্ষিণ চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় প্রভাব তুলনামূলক কম থাকতে পারে।


সংস্থাটি জানায়, এই বৃষ্টি বলয়ের সময় কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টির শঙ্কা না থাকলেও দেশের অধিকাংশ স্থানে দমকা বা মাঝারি হাওয়া বয়ে যেতে পারে এবং হালকা থেকে মাঝারি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আকভানের দূরবর্তী প্রভাব ও বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর মাঝারি থেকে উত্তাল থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অধিক সক্রিয় এলাকাগুলোতে একটানা বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণ চট্টগ্রামে রোদের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। ভারী বৃষ্টির ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও পাহাড়ি ঢল বা পাহাড়ধসের কোনো আশঙ্কা নেই।


বিভাগভিত্তিক বৃষ্টির পরিসংখ্যানে বিডব্লিউওটি জানিয়েছে, পাঁচ দিনে ঢাকায় ১৪০ থেকে ১৬০ মিলিমিটার, খুলনায় ১৫০ থেকে ১৮০ মিলিমিটার, রাজশাহীতে ১০০ থেকে ১৫০ মিলিমিটার এবং বরিশালে ৮০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এ ছাড়া ময়মনসিংহে ৬০ থেকে ৮০ মিলিমিটার, সিলেটে ৫০ থেকে ৭০ মিলিমিটার, চট্টগ্রামে ২০ থেকে ১০০ মিলিমিটার এবং রংপুরে ৩০ থেকে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হতে পারে, যা দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কৃষি জমির সেচের চাহিদা পূরণ করতে পারে।


জেলাভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর ও মাগুরায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং রাজশাহী বিভাগের পাবনা ও নাটোরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, দিঘা, বর্ধমান, আসানসোল, বহরমপুর ও ২৪ পরগনার বিভিন্ন অংশেও এর প্রভাবে উল্লেখযোগ্য বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ ও কম রোদের কারণে তাপমাত্রা দ্রুত কমে গিয়ে শীতের অনুভূতি বাড়বে।


হঠাৎ আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে ওয়েদার অবজারভেশন টিম। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা সর্দি-কাশি, জ্বর ও ঠান্ডাজনিত জটিলতায় আক্রান্ত হতে পারেন; তাই বিশেষ যত্নের পাশাপাশি আগে থেকেই পর্যাপ্ত গরম কাপড়ের প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর