ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাড়িতে আগুন দেওয়া সন্ত্রাসী বাহিনী, কোনো রাজনৈতিক দল নয়: রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গভীর রাতে উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদ আটক ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৫ কারখানায় ছুটি রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: জাতিসংঘে বাংলাদেশ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি, বাড়ছে শীত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ২৩ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত মধ্যরাতে উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে কড়া নিরাপত্তা জারি

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: জাতিসংঘে বাংলাদেশ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৫০ এএম

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ, বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৬টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ। আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তাদের মানবাধিকার রক্ষার দাবিতে এই বিপুল সমর্থনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


প্রস্তাবটি গৃহীত হওয়ার পূর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার ৯ বছর অতিবাহিত হলেও তাদের নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে এখনো কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি। বরং দীর্ঘায়িত এই বাস্তুচ্যুতির ফলে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানামুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।


বক্তব্যে রাষ্ট্রদূত সঞ্চিতা হক গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।


এ বছরের গৃহীত প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মি কর্তৃক রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রস্তাবে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার জোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


এই প্রস্তাবের কার্যকর বাস্তবায়নের জন্য রাষ্ট্রদূত সঞ্চিতা হক আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।


এদিকে, প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিপক্ষে তাদের একটি সাধারণ নীতিগত অবস্থান রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে বলে দেশটি স্পষ্ট করে। একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।


এ সম্পর্কিত আরো খবর