ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং করলে শ্রমিকরা সড়কের পাশ থেকে সরে যান এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। সকালের ব্যস্ত সময়ে শ্রমিকদের এই বিক্ষোভ ও অবরোধের চেষ্টায় আশপাশের এলাকায় কিছুটা উত্তেজনা ও যানজটের শঙ্কা তৈরি হলেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এই বিক্ষোভের ঘটনা ঘটে। নির্ধারিত সময়ে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। এই পরিস্থিতিতে বাঘের বাজার এলাকার ৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নেন এবং সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে মাইকিং করে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান এবং বোঝান। একপর্যায়ে শ্রমিকরা সড়কের পাশ থেকে সরে গেলে মহাসড়ক অবরোধের চেষ্টা ব্যর্থ হয়।
এদিকে, আজ বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর জেলার গুরুত্বপূর্ণ ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার ভোগড়া, কোনাবাড়ী, বাংলাবাজারসহ বিভিন্ন শিল্প এলাকার বেশিরভাগ কারখানায় শ্রমিকরা নির্বিঘ্নে কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার কোথাও বর্তমানে সড়ক অবরোধ নেই। বাঘের বাজারে সামান্য সমস্যা তৈরি হয়েছিল, যা দ্রুতই ঠিক হয়ে গেছে। ঢাকা-ময়মনসিংহসহ অন্যান্য মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অনেক শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমও চালু হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন বলে জানান তিনি।