তিন বছরের মধ্যেই নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর করে নয়, বরং দেশের তরুণদের উদ্ভাবনী শক্তি ও মেধাকে কাজে লাগিয়েই সামনে এগিয়ে যাবে বাংলাদেশ। মহাকাশ গবেষণা ও বিমান চলাচল খাতে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে দেশকে প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রতিযোগী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে পুরো দেশ ও তরুণ সমাজই পিছিয়ে পড়বে। বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেওয়া গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বড় ধরনের বিপ্লব ঘটাতে সক্ষম হবে। উপযুক্ত সহযোগিতা ও দিকনির্দেশনা পেলে দেশের তরুণরা আকাশও জয় করতে পারে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আঞ্চলিক বিমান চলাচল খাতে বাংলাদেশের দীর্ঘমেয়াদি রূপকল্প তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে তরুণদের মেধা, গবেষণা ও উদ্ভাবনী শক্তিকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে বলে উল্লেখ করেন তিনি।
নতুন নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে দেশের অগ্রযাত্রায় সক্রিয় অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সব ধরনের সীমাবদ্ধতা কাটিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।