ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাড়িতে আগুন দেওয়া সন্ত্রাসী বাহিনী, কোনো রাজনৈতিক দল নয়: রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গভীর রাতে উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদ আটক ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৫ কারখানায় ছুটি রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: জাতিসংঘে বাংলাদেশ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি, বাড়ছে শীত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ২৩ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত মধ্যরাতে উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে কড়া নিরাপত্তা জারি

মধ্যরাতে উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ১১:২৬ এএম

ফেসবুক লাইভে এসে কান্না ও বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের অভিযোগ তোলার পর অবশেষে মধ্যরাতে উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।


তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, রাত পৌনে তিনটার দিকে অভিনেত্রীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি এই পুলিশ কর্মকর্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।


পুলিশ বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। লাইভে তাকে কান্নাকাটি করতে দেখা যায় এবং দরজার সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, কেন পুলিশ বাসায় এসেছে বা কেন তাকে আটক করা হচ্ছে, তা তিনি জানেন না। বিনা ওয়ারেন্টে ধরতে আসার অভিযোগ করে তিনি বলেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। ফোন করলে নিজেই থানা বা ডিবি অফিসে যেতেন উল্লেখ করে তিনি হাতে হাতকড়া না পরানোর অনুরোধ জানান এবং শেষ দিকে মা-বাবাকে ভয় না পাওয়ার আশ্বাস দেন।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন জ্যোতিকা জ্যোতি। ওই গ্রুপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের অভিযোগ ওঠে এবং সদস্যদের তালিকায় তার নামও ছিল। তবে সে সময় ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেছিলেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা নয় এবং তিনি আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য জানাতেন।


‘আলো আসবেই’ বিতর্কের পর পেশাগত জীবনেও প্রভাব পড়ে জ্যোতিকা জ্যোতির। ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে গেলে সহকর্মীদের একাংশ ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা ও আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে তার বিরোধিতা করেন। এরপর ওই বছরের ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া অভিযোগেও তার নাম ছিল, যার সঙ্গে বর্তমান আটকের কোনো সম্পর্ক আছে কি না তা স্পষ্ট নয়।


২০০৪ সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। ময়মনসিংহের গৌরীপুরের এই অভিনেত্রী টিভি নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’। কলকাতার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে রাজলক্ষ্মী চরিত্রেও অভিনয় করেছেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর