ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,  ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ বেয়ারিং প্যাডে ত্রুটি, মেঘনা-গোমতী পুরাতন সেতুতে যান চলাচল বন্ধ রংপুরে চার খুন: ৩০ নভেম্বরেই চার্জশিট দিচ্ছে ডিবি হত্যা মামলায় সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে মানুষ: মীর শাহে আলম ঈশ্বরদীতে গুলির পর জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার দেশে ফেরার সাহস থাকলে পালাতেন না: শেখ হাসিনাকে নিয়ে আবু হানিফ

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৫১ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র সংঘাতের মধ্যেই ওয়াশিংটনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে ইরান। কয়েক দশকের মার্কিন কর্মকাণ্ডে দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় নিজেদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এমনকি পরিস্থিতি আরও উত্তপ্ত হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টিও তেহরানের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।


সোমবার (২৩ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অবরোধের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান। অন্যদিকে বিপুল অঙ্কের এই ক্ষতিপূরণ দাবির বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বিচার বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা।


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দায়ের করা মামলায় দেশটির বিভিন্ন আদালত থেকে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের পক্ষে রায় পাওয়া গেছে। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিপরীতেই এই অর্থ দাবি করা হচ্ছে। তিনি আরও জানান, ইরানে হামলা চালানোর জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে।


এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটনের এমন একতরফা কর্মকাণ্ড তেহরান কোনোভাবেই মেনে নেবে না। মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরানের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করা হবে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও নৌ অবরোধ হিসেবে বর্ণনা করছে, সেগুলো মূলত ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসন। এ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার ইরানের রয়েছে।


উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তেহরানের সঙ্গে একটি খসড়া সমঝোতায় পৌঁছানোর পর জুনে সেই অবরোধ তুলে নেওয়া হয়। তবে ওই সমঝোতা ভেঙে পড়লে ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই অবরোধে ইরানের অর্থনীতি ক্রমেই চাপে পড়ছে। দেশটির মোট আমদানি ও রপ্তানির ৮০ শতাংশের বেশি পণ্য হরমুজ প্রণালি অথবা দক্ষিণাঞ্চলীয় বন্দর দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। তেহরান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অবরোধের অবসান ঘটাতে বিকল্প পথ খুঁজছে ইরান এবং মধ্যপ্রাচ্যে আশপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টিও আলোচনায় রয়েছে।


এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে এই সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এর জবাবে পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘাতে জড়িয়ে পড়লে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয়। সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে হরমুজ প্রণালি। তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধের চেষ্টা অব্যাহত রাখে ইরান, আর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোতে অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন।


অন্যদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এখনো স্থবির হয়ে আছে। জুনের সমঝোতা ভেঙে পড়ার পর সংঘাতের স্থায়ী অবসানে নতুন কোনো অগ্রগতি হয়নি। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ করলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।


সূত্র: আলজাজিরা


এ সম্পর্কিত আরো খবর