দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বহুমুখী ও সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দেশের শ্রমবাজার ও শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি সদস্যদের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের বাস্তব সুযোগ তৈরি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’। এই জব ফেয়ারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৫৫ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। তাঁদের মধ্য থেকে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক পদে মোট ৪৫২ জনের প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত হয়েছে, যা সদস্যদের কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
আয়োজিত এই জব ফেয়ারে বিভিন্ন কারিগরি ও সহায়ক পদে নিয়োগের সুযোগ তৈরি হয়। এর মধ্যে ওয়েল্ডিং সিক্স-জি বিষয়ে ৩৫ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং (আরএসি) বিষয়ে ৮ জন, অটোমোটিভ মেকানিক্স বিষয়ে ১৭ জন, ড্রাইভিং বিষয়ে ১৮ জন, ড্রাইভারস হেলপার পদে ৭৬ জন এবং সিকিউরিটি গার্ড পদে ২৯৮ জনসহ মোট ৪৫২ জন আনসার ও ভিডিপি সদস্যের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের (এইচআর) প্রতিনিধিদের উপস্থিতিতে আনসার-ভিডিপির বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত এসব প্রশিক্ষণার্থীর কারিগরি দক্ষতা ও যোগ্যতা যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে বিভিন্ন পদে নিয়োগের জন্য তাঁদের নির্বাচন করা হয়। নির্বাচিত এসব সদস্য আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দূরদর্শী পরিকল্পনা ও সুনির্দিষ্ট দিকনির্দেশনায় বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সময়োপযোগী, বহুমাত্রিক ও কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা হচ্ছে। শুধু হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করাই নয়, বরং প্রশিক্ষণলব্ধ দক্ষতার যথাযথ প্রয়োগ এবং সদস্যদের জন্য দেশে-বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও নেওয়া হয়েছে কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগ। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধন, নিয়োগ কার্যক্রমে সরাসরি সম্পৃক্ততা এবং নিয়মিত জব ফেয়ার আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা হচ্ছে। এর ফলে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সদস্যদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি তাঁদের কর্মজীবনে প্রবেশ ও ক্যারিয়ার গঠনের বাস্তব সুযোগ সৃষ্টি করছে।
এই উদ্যোগের ধারাবাহিক সাফল্যের সুস্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে আনসার-ভিডিপির দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মসংস্থানের পরিসংখ্যানেও। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত এই কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারী মোট ৩১৭ জন সদস্যের ওয়ালটন, সিঙ্গার, প্রাণ-আরএফএল ও যমুনা গ্রুপসহ দেশের খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। প্রশিক্ষণকে সরাসরি কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করার এই উদ্যোগ সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা অর্জন, পারিবারিক জীবনমান উন্নয়ন এবং দেশের শিল্প ও উৎপাদন খাতে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে দক্ষ মানবসম্পদের অংশগ্রহণ বাড়ানোর পথও আরও সুগম হচ্ছে।
জেলা কমান্ড্যান্ট, দিনাজপুরের সার্বিক সমন্বয়ে দিনব্যাপী জব ফেয়ারটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরি প্রাপ্তিতে সার্বিক সহযোগিতা পাওয়ায় উপকৃত সদস্যরা ও তাঁদের অভিভাবকবৃন্দ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অনবদ্য দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই উদ্যোগ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দূরদর্শী দিকনির্দেশনায় গৃহীত এই বহুমুখী উদ্যোগ সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নেও ইতিবাচক ও টেকসই অবদান রাখছে।