ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,  ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছক্কার তাণ্ডবে রেকর্ডবুক তছনছ, ৫২ বলেই সূর্যবংশীর ডাবল সেঞ্চুরি গোয়ালন্দে হাইব্রিড টমেটোর মাঠ দিবসে কৃষক সমাবেশ আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ বেয়ারিং প্যাডে ত্রুটি, মেঘনা-গোমতী পুরাতন সেতুতে যান চলাচল বন্ধ রংপুরে চার খুন: ৩০ নভেম্বরেই চার্জশিট দিচ্ছে ডিবি হত্যা মামলায় সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে মানুষ: মীর শাহে আলম ঈশ্বরদীতে গুলির পর জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ছক্কার তাণ্ডবে রেকর্ডবুক তছনছ, ৫২ বলেই সূর্যবংশীর ডাবল সেঞ্চুরি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৪০ পিএম

বয়স মাত্র ১৫ বছর। অথচ ব্যাট হাতে বাইশ গজে যা করে দেখালেন বৈভব সূর্যবংশী, তা রীতিমতো অবিশ্বাস্য ও অভাবনীয়। সংযুক্ত আরব আমিরাতের বোলারদের ওপর রীতিমতো ছক্কার বৃষ্টি ঝরিয়ে মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের এই বিস্ময় বালক। তাঁর বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে এক ম্যাচেই তছনছ হয়ে গেছে লিস্ট ‘এ’ ও স্বীকৃত ক্রিকেটের একাধিক বিশ্ব রেকর্ড।


কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই অতিমানবীয় ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। ৫৩ বল মোকাবিলা করে ২০৪ রানের টর্নেডো ইনিংস খেলার পথে তিনি হাঁকিয়েছেন ৭টি চার ও ২৮টি বিশাল ছক্কা। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩৮৪.৯১।


ম্যাচে টস জিতে বা আগে ব্যাট করতে নেমে হারপ্রিত সিংয়ের ১৩০ রানের অনবদ্য ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। জবাবে সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলে বিশাল জয় নিশ্চিত করে ভারত ‘এ’ দল।


দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার পথে মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এটিই এখন দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। এর আগে ২০২৩ সালের মার্শ কাপে ২৯ বলে শতক হাঁকিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।


সেঞ্চুরির পর আরও ভয়ংকর রূপ ধারণ করেন এই বাঁহাতি ওপেনার। মাত্র ৪০ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে আগের দ্রুততম দেড়শ রানের রেকর্ডটিও ছিল তাঁরই দখলে। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে দেড়শ রান করে সেই রেকর্ড গড়েছিলেন তিনি।


তবে দেড়শ রানেই থামেননি সূর্যবংশী। প্রতিপক্ষের বোলারদের ওপর একের পর এক ছক্কা হাঁকিয়ে মাত্র ৫২ বলেই পূর্ণ করেন ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল চ্যাড বোয়েসের। ২০২৪ সালে ফোর্ড ট্রফিতে ১০৩ বলে দ্বিশতক করেছিলেন তিনি, যা প্রায় অর্ধেক বলেই ভেঙে দিলেন সূর্যবংশী।


চ্যাড বোয়েসের রেকর্ড ভাঙার পরপরই ৫৩ বলে ২০৪ রান করে আউট হন সূর্যবংশী। তাঁর এই ইনিংসে ২৮টি ছক্কা ছিল, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্ব রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ডি'আর্সি শর্টের ২৩ ছক্কার। শুধু লিস্ট ‘এ’ ক্রিকেটেই নয়, সব ধরনের স্বীকৃত ক্রিকেটেও এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন কীর্তি গড়েছেন সূর্যবংশী। এর আগে ২০২৪ সালে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ২৬টি ছক্কা মেরেছিলেন তন্ময় আগারওয়াল।


এ ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করা ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডও এখন বৈভব সূর্যবংশীর দখলে। তাঁর স্ট্রাইক রেট ৩৮৪.৯১। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের, যিনি ৪৪ বলে ১৪৯ রানের ইনিংসে ৩৩৮.৬৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন।


এ সম্পর্কিত আরো খবর