ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতার মুখে ইনফান্তিনো


  • আপলোড সময় : শনিবার ২১ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৫৮ এএম

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের পথে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছরের নির্বাচনে তার বিপক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ডিয়ালো এবং জাপানের অভিজ্ঞ ফুটবল প্রশাসক কোজো তাশিমা। নতুন এই প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী লড়াই শুরুর আগেই প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান ও খেলার চিরাচরিত ‘ফেয়ার প্লে’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বর্তমান ফিফা সভাপতি।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বিতর্কিত সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হয়ে ফিফার শীর্ষ পদে বসেন সুইস-ইতালিয়ান নাগরিক জিয়ান্নি ইনফান্তিনো। এরপর থেকে টানা দায়িত্ব পালন করে আসছেন তিনি। এবারের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল তার সামনে। কিন্তু চলতি বছরের শুরুতে ভবিষ্যতের বিশ্বকাপগুলোর স্বত্ব থেকে ২০ বিলিয়ন পাউন্ড বা প্রায় ২৬ বিলিয়ন ডলারের অংশীদারত্ব বিক্রির উদ্যোগ ব্যর্থ হওয়ার পর বিশ্ব ফুটবলের রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণ দ্রুত বদলে যেতে থাকে।

গত বুধবার ছিল ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থীদের অংশগ্রহণের সিদ্ধান্ত জানানোর নির্ধারিত শেষ দিন। সেই সময়ের মধ্যেই নিজেদের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ফিলিপ ডিয়ালো ও কোজো তাশিমা। ডিয়ালো বর্তমানে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে কোজো তাশিমা ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির পদে ছিলেন।

আসন্ন নির্বাচনের আগে বেশ কিছু আইনি জটিলতার মধ্যেও জড়িয়ে আছেন বর্তমান সভাপতি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে তার বিরুদ্ধে আইনি লড়াই চলমান রয়েছে। এরই মধ্যে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আসন্ন নির্বাচনে ফিলিপ ডিয়ালোর প্রতি নিজেদের সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে, যা নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।

তবে একাধিক শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেও সামগ্রিক বিবেচনায় নির্বাচনে ইনফান্তিনোই এখনো এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফিফার সভাপতি নির্বাচিত হতে হলে সংস্থাটির ২১১টি সদস্য দেশের মধ্যে অন্তত ১০৬টি দেশের ভোট পেতে হবে। ডিয়ালো ও তাশিমার প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নির্বাচনী পরিবেশ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইনফান্তিনো।

ইনস্টাগ্রাম বার্তায় তিনি বলেন, ‘ফিফা সভাপতির নির্বাচন আমাদের গণতান্ত্রিক ফুটবল মূল্যবোধের উদ্‌যাপন। নির্বাচনে অংশ নেয়া প্রত্যেক প্রার্থীকে আমি শুভকামনা জানাই।’

জিয়ান্নি ইনফান্তিনো আরও বলেন, ‘বিশ্ব ফুটবলের উন্নয়নে ইতিবাচক ধারণা সামনে আসুক। পুরো নির্বাচনী প্রক্রিয়া যেন সম্মান, মর্যাদা ও খেলাটির চিরাচরিত ফেয়ার প্লের চেতনায় পরিচালিত হয়।’

সূচি অনুযায়ী, আগামী ১৮ মার্চ ২০২৭ মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৭তম কংগ্রেস। সেই কংগ্রেসেই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে বিশ্ব ফুটবলের পরবর্তী সভাপতি কে হচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর