ফুটবল মাঠে বড় তারকা হওয়ার স্বপ্ন নিয়ে নেমেছিল ১৬ বছরের আবেল নুনেজ। কিন্তু একটি সংঘর্ষ নিমিষেই কেড়ে নিল সেই স্বপ্ন আর প্রাণ। আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবল ম্যাচে মাথায় গুরুতর আঘাত পাওয়ার দুই দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েছে এই কিশোর ফুটবলার। তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার পঞ্চম বিভাগের যুব ফুটবল প্রতিযোগিতায় একে অপরের মুখোমুখি হয়েছিল আবেলের ক্লাব এফসি এজেইজা ও মুনিজ। রোমাঞ্চকর সেই ম্যাচ চলাকালে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে মাথায় মারাত্মক আঘাত পায় আবেল। সংঘর্ষের পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ করে দিয়ে ঘটনার ঠিক দুই দিন পর পৃথিবী থেকে চিরবিদায় নেয় এই সম্ভাবনাময় তরুণ।
মাঠের সেই দুর্ঘটনার পরপরই আবেলের ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে তার গুরুতর মাথার আঘাতের বিষয়টি প্রকাশ্যে আনে। সে সময় অস্ত্রোপচারের কথা উল্লেখ করে ক্লাবের পক্ষ থেকে সমর্থকদের কাছে তার সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছিল। গোটা ফুটবল মহল তখন আবেলের ফিরে আসার অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা বিফলে যায় এবং তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আবেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনার বার্তা জানাতে থাকেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমী, সমর্থক ও খেলোয়াড়েরা। ক্লাব এফসি এজেইজা এক আবেগঘন বিবৃতিতে জানায়, এমন একজন তরুণকে চিরবিদায় জানাতে হচ্ছে, যার সামনে পড়ে ছিল পুরো একটি জীবন। তার অকাল মৃত্যুতে ক্লাব ও পরিবারে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ক্লাবটির বিবৃতিতে আরও বলা হয়, নিজেদের জার্সি গায়ে মাঠে খেলতে নেমেই গুরুতর আঘাত পেয়েছিল আবেল। তার এই মর্মান্তিক বিদায়ে ফুটবল এখন তাদের কাছে গৌণ হয়ে দাঁড়িয়েছে। স্বপ্ন ও প্রত্যাশায় ভরা এই কিশোর শুধু দলের একজন খেলোয়াড়ই ছিল না, ছিল পুরো পরিবারেরই অবিচ্ছেদ্য অংশ। সতীর্থ ও ক্লাবের সবার স্মৃতিতে সে সব সময় জীবন্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে এফসি এজেইজা।
২০০৮ সালে জন্ম নেওয়া আবেলের বাড়ি বৃহত্তর বুয়েনস এইরেস অঞ্চলের এজেইজা শহরে। নিয়মিত ফুটবলের পাশাপাশি ফুটসালও খেলত সে। তার ফুটসাল দল নুয়েভা এস্ত্রেয়াও এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। আবেলের স্মরণ ও সম্মানে দলটির সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
এদিকে আবেলের ঘনিষ্ঠজনদের শোকের গভীরতা তুলে ধরেছেন তার সবচেয়ে কাছের বন্ধুর বাবা রোমান কোরাল। আর্জেন্টিনার রেডিও লা রেডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আবেলের সতীর্থরা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। এত অল্প বয়সে এমন অপ্রত্যাশিত মৃত্যু মেনে নেওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক।
রোমান কোরাল জানান, ১২ বছর বয়স থেকে আবেলকে চেনেন তিনি। নিজের ছেলের সঙ্গে একই স্কুলে পড়ার সময় থেকেই আবেলের সঙ্গে তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা। ছোটবেলা থেকেই আবেলের একটাই স্বপ্ন ছিল, বড় ফুটবলার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতি বিশেষ আহ্বান জানিয়ে কোরাল বলেন, আবেলের স্মরণে যেন এক মিনিট নীরবতা পালন করা হয়। ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে মাঠে নেমে ফুটবল খেলতে খেলতেই তার মৃত্যু হয়েছে। তাই একজন ফুটবলারের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিয়েই যেন তাকে শেষ বিদায় জানানো উচিত।