ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের দল ঘোষণা, বিশ্রামে তিন তারকা


  • আপলোড সময় : শনিবার ২১ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৪৯ এএম

আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্ণশক্তির দলের বদলে কিছুটা পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে এই দুই সংস্করণের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দলের তিন গুরুত্বপূর্ণ তারকা ক্রিকেটারকে। পাশাপাশি দুই ফরম্যাটের জন্য আলাদা দুই অধিনায়কের নামও চূড়ান্ত করেছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।


ঘোষিত দল অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ। অন্যদিকে সংক্ষিপ্ত সংস্করণ অর্থাৎ টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বিয়র্ন ফরটুইন। টানা খেলার ধকল সামলাতে এবং সামনে ব্যস্ত সূচির কথা মাথায় রেখে দুই সংস্করণের দল থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে এইডেন মার্করাম, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে। তবে প্রোটিয়া শিবিরে স্বস্তির খবর হয়ে এসেছে চোট কাটিয়ে দুই তারকা পেসার লুঙ্গি এনগিডি ও আনরিখ নরকিয়ার ওয়ানডে দলে ফেরা।


দক্ষিণ আফ্রিকার নিয়মিত ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা এবং উইকেটরক্ষক ব্যাটার রায়ান রিকেলটনকেও এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। জোহানেসবার্গ টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও মাঠে নামতে পারবেন না বাভুমা। তার পরিবর্তে টেস্ট দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার সেনুরান মুথুস্বামী। দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকেরা।


ওয়ানডে দলে লুঙ্গি এনগিডির প্রত্যাবর্তন দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের জন্য বড় এক স্বস্তি। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দীর্ঘ পুনর্বাসন শেষে আবারও সাদা বলের ক্রিকেটে ফিরছেন এই ডানহাতি পেসার। একই সঙ্গে ওয়ানডে দলে ফিরেছেন গতি তারকা আনরিখ নরকিয়াও। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর লাল বলের ক্রিকেটে ফিরেছিলেন তিনি। এবার তিন বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ওয়ানডে খেলার সুযোগ তৈরি হয়েছে তার সামনে। আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই নরকিয়াকে এখন থেকে প্রস্তুত করার সুযোগ হিসেবে দেখছে দক্ষিণ আফ্রিকা।


দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড এনগিডির ফেরায় বেশ সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, টেস্ট দলের সঙ্গে থেকেই নিজের পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন এনগিডি। সাদা বলের ক্রিকেটে তিনি আগের মতোই কার্যকারিতা ধরে রাখতে পারবেন বলে আশাবাদী কোচ। নরকিয়ার ক্ষেত্রেও ওয়ানডে সংস্করণে নিজেকে নতুন করে ফিরে পাওয়ার দারুণ সুযোগ দেখছেন শুকরি কনরাড।


এদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দুই সংস্করণের দলেই ফিরেছেন উইকেটকিপার ব্যাটার সিনেথেম্বা কেশিলে। সিএসএ প্রো২০ কাপে সাত ইনিংসে ১৯৭.৮৫ স্ট্রাইক রেটে ২৭৭ রান করে নির্বাচকদের নজর কাড়েন তিনি। ওই টুর্নামেন্টে মাত্র ১৪ বলে ঝোড়ো একটি অর্ধশতকও হাঁকিয়েছিলেন কেশিলে। এছাড়া টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ ডেওয়াল্ড ব্রেভিসকে আবারও ওয়ানডে দলে ফিরিয়েছে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়া সিরিজে এই সংস্করণের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। দুই ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।


সূচি অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর। প্রথম ওয়ানডে ইস্ট লন্ডনে, দ্বিতীয়টি গেবেখা এবং শেষ ওয়ানডেটি কেপটাউনে গড়াবে। এরপর ১০ ডিসেম্বর কিম্বার্লি, ১২ ডিসেম্বর বেনোনি ও ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।


দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কুয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।


এ সম্পর্কিত আরো খবর