মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ফরিদপুর জেলার চর মাধবদিয়া ইউনিয়নের গোয়ালেরটিলা গ্রামের বাসিন্দা, মরহুম আজিজ চেয়ারম্যানের সন্তান, একজন জনপ্রিয় শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ ফরহাদ মিয়ার (৪২) জানাজা সম্পন্ন হয়েছে। দীর্ঘ শিক্ষকতা ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে স্থানীয় সমাজে যে অবদান রেখেছিলেন তিনি, তার আকস্মিক প্রয়াণে ফরিদপুর ও রাজবাড়ীর গোয়ালন্দ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুমানিক মাঝরাতে নিজ শয়নকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুহাম্মদ ফরহাদ মিয়া। তার মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, অসংখ্য শিক্ষার্থী ও এলাকাবাসীসহ স্থানীয় ক্রীড়াঙ্গনে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
নিহত ফরহাদ মিয়া মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি হাজী আবুল হোসেন কলেজের প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন এবং শিক্ষার্থীদের কাছে একজন জনপ্রিয় শিক্ষক ও মানুষ গড়ার কারিগর হিসেবে পরিচিত ছিলেন।
শিক্ষকতার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ছিল তার সরব ও অগাধ পদচারণ। তিনি সবসময় খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং মমিন খার হাট ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গনে গভীর শোক নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোহন মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার নিজ গ্রাম গোয়ালেরটিলার আলহাজ্ব মেহের উদ্দিন মাজেদা দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
তার মৃত্যুতে গোয়ালন্দ ক্রীড়াঙ্গন পরিবার গভীর শোক প্রকাশ করে শোক বার্তা জানিয়েছে। মহান আল্লাহ যেন মরহুমের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই দোয়া কামনা করেছেন সবাই।