নাটোরের নলডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে দুটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং অপর দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া মন্ডলপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তেঘরিয়া মন্ডলপাড়া এলাকার মোশারফ হোসেন ওরফে রিপন মন্ডল (৪২) ও লিটন মন্ডলের (৪৮) বসতবাড়িতে প্রথমে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন মুহূর্তের মধ্যেই আশপাশে ছড়িয়ে পড়তে শুরু করে।
এ সময় মোশারফের স্ত্রী রাঙ্গা বেগম আগুনের শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং নলডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে মোট চারটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি বাড়ির আসবাবপত্রসহ কোনো মালামালই উদ্ধার করা সম্ভব হয়নি, বাড়ি দুটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অপর দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সংশ্লিষ্ট পরিবারগুলোর ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের মধ্যে তাৎক্ষণিকভাবে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও জেলা বিএনপির সদস্য এম এ হাফিজ, মাধনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সামসুল ইসলাম এবং নলডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের স্টাফ জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে তাঁরা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছেন।