"সঠিক চাষাবাদ ফলন বেশি, কৃষকের মুখে ফুটবে হাসি"—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন এলাকায় দুই শতাধিক কৃষকের অংশগ্রহণে বন্ধন সীডের চাষযোগ্য হাইব্রিড ‘বিজিএল ৭৫৭’ টমেটোর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নতুন এই উচ্চ ফলনশীল জাতের টমেটো চাষাবাদে কৃষকদের আগ্রহ ও লাভবান হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতদিয়ায় অবস্থিত আক্কাস আলী হাই স্কুলের পাশে বন্ধন জেনেটিকস্ লিমিটেড কোম্পানির আয়োজনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে মাঠ দিবসের অংশ হিসেবে জেলা ও উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বন্ধন সীড কোম্পানির প্রতিনিধিরা স্থানীয় কৃষকদের রোপণকৃত টমেটোর মাঠ সরেজমিনে পরিদর্শন করেন। মাঠ পরিদর্শনের সময় ফসলের বর্তমান অবস্থা, ফলন ও রোগবালাই প্রতিরোধ ক্ষমতার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এনামুল হক, জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল এবং গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার। এ ছাড়াও উপস্থিত ছিলেন বন্ধন জেনেটিকস্ লিমিটেডের যশোর জোনের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, ফরিদপুর জোনের সেলস ম্যানেজার মোঃ সানোয়ার হোসেন এবং গোয়ালন্দ বাজার আদ-দ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও বন্ধন জেনেটিকস্ লিমিটেডের ডিলার হুমায়ন আহমেদ।
কৃষক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বন্ধন জেনেটিকস্ কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার মো. শরিফুল ইসলাম বলেন, ‘বিজিএল ৭৫৭’ জাতের এই টমেটো ইয়েলো লিফ কার্ল ভাইরাস সহনশীল। এর ফল দেখতে অত্যন্ত আকর্ষণীয় ডিম্বাকৃতির এবং উজ্জ্বল লাল রঙের। টমেটোর ভেতরে শাঁসের পরিমাণ বেশি এবং চেম্বার কম হওয়ায় ফল বেশ শক্ত ও টাইট হয়, যা দূরবর্তী স্থানে পরিবহনের জন্য বিশেষভাবে উপযোগী। প্রচলিত অন্যান্য জাতের তুলনায় এটি ৫ থেকে ৭ দিন আগাম জাত এবং প্রতিটি টমেটোর গড় ওজন ১১০ থেকে ১৩০ গ্রাম হয়ে থাকে। বাম্পার ফলনের মাধ্যমে এই জাতটি কৃষকদের অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নিয়ে যাবে এবং একটি লাভজনক ফসল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় কৃষক জানান, টমেটোর আকর্ষণীয় রঙ, উচ্চ উৎপাদনশীলতা এবং বাম্পার ফলনের কারণে নতুন এই জাতটি ইতোমধ্যেই তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এনামুল হক বলেন, ‘বিজিএল ৭৫৭’ জাতের টমেটো উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকরা খুব অল্প সময়েই কাঙ্ক্ষিত ফলন পেয়ে থাকেন। সঠিক পরিচর্যায় একজন কৃষক এক বিঘা জমিতে এক লাখ টাকা খরচ করে অনায়াসে দুই থেকে আড়াই লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবেন। তিনি আরও জানান, গোয়ালন্দ কৃষি অফিসের পরামর্শে গোয়ালন্দ উপজেলায় ৩৫০ একর জমিতে শীতকালীন ফসল হিসেবে টমেটোর আবাদ করা হয়েছে এবং অনুকূল পরিবেশে কৃষকরা এবার বেশ লাভবান হবেন বলে তিনি আশাবাদী।