উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 141
উত্তরাঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার মুর্শিদপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে শরিফুল (৩০) হত্যা মামলার একমাত্র আসামি লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে (৩৩) ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে র্যাব রাজশাহী ও সাভারের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
লতিফুল বাঘার মুর্শিদপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। বুধবার সকালে র্যাব রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল বিকেলে উপজেলার চক রাজাপুর ইউনিয়নের সিকরামপুর মাঠে রফিকুল ইসলামকে কুপিয়ে আহত করে লতিফুল। এতে রফিকুলের মৃত্যু হয়।
র্যাব জানিয়েছে, ঘটনার দিন বিকেলে লতিফুলের ভুট্টার খেতে ঘাস কাটছিলেন রফিকুল। তা দেখে লতিফুল তাকে গালাগাল করে। এ সময় রফিকুল প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে লতিফুল তার হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে গিয়াসকে কুপিয়ে আহত করে চলে যান। পরে মাঠের পাহারাদার ভুট্টা খেতে রফিকুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
র্যাব জানায়, মামলার পর থেকেই আসামি লতিফুল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। পুলিশের পাশাপাশি ঘটনাটি ছয়াতদন্ত করছিল র্যাব। বাড়ানো হয়েছিল গোয়েন্দা নজরদারি। এরপর র্যাব রাজশাহী ও র্যাব সাভার ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে লতিফুলকে গ্রেপ্তার করে। গ্রেফতারের পর তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।#