কিশোরগঞ্জ ব্যুরো:
জেলার পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মইশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিয়া ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
জানা গেছে, সোমবার সকালে নিজের কৃষি জমিতে সবজি বাগানে পরিচর্ষায় যান আবু তাহের মিয়া। এসময় ঝড়সহ বৃষ্টিপাত শুরু হলে জমিতে থাকা পানি সেচ মেশিন ঘরে অবস্থান নেন আবু তাহেরসহ আরও দুজন। ঝড়ের একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহের মারা যান। এসময় সাথে থাকা অপর দুজন আহত হন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।