শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত পীর হজরত শাহ সুলতান বলখী মাহীসওয়ার (রহঃ) এর পবিত্র ওরস শরীফ আগামীকাল ৮ মে, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে, এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা এবং পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।
বুধবার ৭মে সকাল ১১টায় মহাস্থান মাজার ও গড় এলাকা ঘুরে দেখেন এবং ওরস উপলক্ষে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, পবিত্র ওরস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। পুলিশ সুপার জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ কার্যকলাপ রোধে পুলিশ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জিয়াউর রহমান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা।
জেলা প্রসাশনের পক্ষ থেকে মাজারে আগত জনসাধারণকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের আহ্বান জানানো হয় এবং কোন ধরণের বিশৃঙ্খলা বা ইসলামবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়।
আকাশজমিন/আরআর