আন্তর্জাতিক ডেস্ক
ভারতের
সঙ্গে সংঘাতে পাকিস্তানের ১১ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৮ জন। পরমাণু
অস্ত্রধারী এই দুই দেশের সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার সময় তারা প্রাণ হারান। এছাড়া
ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন ৪০ বেসামরিক নাগরিক। নিহতদের
মধ্যে ৭ নারী ও ১৫ শিশুও রয়েছে। মঙ্গলবার (১৩ মে) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম
দ্য ডন।
পাকিস্তানের
সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতের
“উসকানিমূলক ও নিন্দনীয় হামলা” প্রতিহত করতে গিয়ে কমপক্ষে ১১ জন পাকিস্তানি
সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭৮ জন। একইসঙ্গে ভারতীয় আগ্রাসনে ৪০ জন বেসামরিক
নাগরিক — যাদের মধ্যে ৭ জন নারী ও ১৫ জন শিশু রয়েছেন — প্রাণ হারিয়েছেন এবং আরও ১২১
জন আহত হয়েছেন।
পাকিস্তান
সেনাবাহিনীর প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, নিহত সেনাদের মধ্যে রয়েছেন: নায়েক আবদুর
রহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ,
সিপাহি মোহাম্মদ আদিল আকবর এবং সিপাহি নিসার।
এছাড়া
পাকিস্তান বিমান বাহিনীর নিহত সদস্যরা হলেন: স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান
আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক, সিনিয়র টেকনিশিয়ান
মুবারক।
বিবৃতিতে
বলা হয়, “এই শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা—
তাদের সাহস, দায়িত্ববোধ ও নিঃস্বার্থ দেশপ্রেম পাকিস্তানের ইতিহাসে অমলিন হয়ে থাকবে।”
আইএসপিআর আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, “পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা যদি
কেউ ভবিষ্যতে চ্যালেঞ্জ করে, তাহলে তার জবাব দেওয়া হবে দ্রুত, সর্বাত্মক ও চূড়ান্ত
প্রতিক্রিয়া দিয়ে।”
আকাশজমিন/আরআর