নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর সদরের নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ করিম মিয়া (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত করিম মিয়া চম্পকনগর গ্রামের নাজিমুদ্দিন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে করিম মিয়া বৃষ্টির মধ্যে পাশের বাড়ির আমগাছ থেকে আম কুড়াতে যান।
এ সময় অসাবধানতাবশত তিনি আমির চানের বাড়ির জিআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া অংশে হাত দিলে তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই
মারা যান।
জানা গেছে, আমির চানের পরিবার তাদের বাড়ির নিরাপত্তার জন্য চারপাশে জিআই তারের বেড়া দিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। তবে বিষয়টি স্থানীয়দের অনেকেই জানতেন না। ঘটনার পর খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এবং পরদিন ভোরে করিম মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ আমির চানের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
আকাশজমিন/আরআর