সিরাজগঞ্জ প্রতিনিধি / : 203
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে বোনের গায়েহলুদের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ভাই ওমর ফারুক শেখ (১৭) এর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী খান মোহাম।
সোমবার (৯ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার আব্দুল খালেক শেখের বাড়িতে। নিহত ওমর ফারুক ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, সৎবোনের গায়েহলুদের অনুষ্ঠান শেষে বাড়ির একটি বৈদ্যুতিক ফ্যান ঠিক করার সময় ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে বাড়ির বারান্দায় ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পায়।
এতে মাথার পেছনে গভীর ক্ষত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ দুর্ঘটনার পর সৎবোনের বিয়ের আয়োজন সাময়িকভাবে স্থগিত করা হয়। দুই পরিবার পরে নতুন করে বিয়ের তারিখ নির্ধারণ করবে বলে জানানো হয়। নিহত ওমরের দাদি মোছা. মর্জিনা খাতুন বলেন, ‘আমার নাতি খুব পরিশ্রমী ছিল। গায়েহলুদের মতো আনন্দের দিনে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।’
মঙ্গলবার সকালে বাজার ভদ্রঘাট পূর্ব খানপাড়া ঈদগাহ মাঠে ওমর ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মালশাপাড়া কবরস্থানে দাফন করা হয়।
আকাশজমিন/আরআর