ভৈরব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ও অবমাননাকর স্লোগানের প্রতিবাদে এবং বিএনপি'র বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ ও ‘রাজনৈতিক হয়রানির’ অভিযোগ তুলে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। একইসঙ্গে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভৈরব বাজারস্থ পৌর শহীদ মিনারে এসে জড়ো হন। এখানে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভৈরব বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়াজ মোর্শেদ আঙ্গুর, সদস্য সচিব আরিফুল ইসলাম সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন মামুন, সদস্য সচিব মীর রাজন প্রমুখ। এছাড়াও উপজেলা জাসদের সাবেক সভাপতি আরমান হোসেন চঞ্চল, পৌর তাঁতী দলের সভাপতি ছগীর আহমেদ রতন, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন খোরশেদ মেম্বার সহ দুইশতাধিক নেতাকর্মী অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরিকল্পিতভাবে তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগান ছড়ানো হচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।” এধরণের অহেতুক কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য আহবান জানানো হয়।
এসময় তারা দ্রুত মিটফোর্ড হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং দেশের জনগণকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
আকাশজমিন/আরআর