নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় বেলাব উপজেলায় আলাদা “সংসদীয় আসন চাই” দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৩০ জুলাই) বুধবার বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলালকান্দি বাজারে বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের আয়োজন এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ আওলাদ হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ কামরুল ইসলাম, সমাজ সেবক মোঃ শহিদুল ইসলাম, মোঃ আলি হোসেন, মোঃ মোবারক হোসেন,সারবেয়ার গোলাম মোস্তফা সরলসহ প্রমুখ।
বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদি বলেন, বেলাব উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা, অর্থনৈতিক অবকাঠামো ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বেলাব একটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার সব যোগ্যতা রাখে। বর্তমানে বেলাব উপজেলা নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের অন্তর্ভুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে বেলাবরের জনগণ দেখে আসছে বিভক্ত আসনের কারণে উন্নয়ন কার্যক্রমে বৈষম্য তৈরি হয়েছে।
তিনি আরো বলেন, জনগণের চাহিদা ও সমস্যাগুলো জাতীয় সংসদে সরাসরি পৌঁছায় না। বেলাব উপজেলার রয়েছে প্রায় দেড় লক্ষাধিক ভোটার, একাধিক গুরুত্বপূর্ণ বাজার ও শহর, শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান। এমন একটি জনবহুল ও সম্ভাবনাময় উপজেলা দীর্ঘদিন ধরে নিজস্ব সাংসদবিহীন থাকার ফলে স্থানীয় উন্নয়ন বারবার উপেক্ষিত হয়েছে।
আকাশজমিন/আরআর