সাতক্ষীরা প্রতিনিধি:
ছাত্র-জনতার
গৌরবময় গণঅভ্যুত্থান দিবস স্মরণে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী অভিভাবক
সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, যার শিরোনাম ছিল 'জুলাইয়ের মায়েরা'। শনিবার (২
আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলা
তথ্য অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, অতিরিক্ত
জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা
জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক মো. আরাফাত হোসেন এবং মুখপাত্র মোহিনী
তাবাচ্ছুম। এছাড়াও 'জুলাই আন্দোলন'-এর সঙ্গে যুক্ত আহত যোদ্ধারা এবং তাঁদের মায়েরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাবেশে
'জুলাইয়ের মায়েরা' আন্দোলনের সময়কার স্মৃতি, ত্যাগ, ভয়াবহতা এবং সাহসিকতার কথা তুলে
ধরেন। তাঁরা বলেন, "আমাদের সন্তানরা দেশের জন্য বুক পেতে দিয়েছিল, আর আমরা দিয়েছি
তাদের সাহস, অনুপ্রেরণা ও আশ্রয়।" তাঁরা জানান, জেলা প্রশাসনের এমন উদ্যোগের মাধ্যমে
জাতির গর্ব, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের প্রতি সম্মান জানানো হয়েছে।
অনুষ্ঠানে
'জুলাই আন্দোলন'-এর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়, যা উপস্থিত সবাইকে
সেদিনের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে পুনরায় পরিচিত করে তোলে। এই ধরনের সমাবেশ ও প্রদর্শনী
ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
আকাশজমিন/আরআর