কিশোরগঞ্জ ব্যুরোঃ
কিশোরগঞ্জে
সদর উপজেলার বৌলাইয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে
জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ
তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক
এমদাদুল হক এমদাদ।
শুক্রবার
(২২ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। এতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী
কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এমদাদ ও রাজনকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব ধরনের পদ
থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না
ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে
আরো উল্লেখ করা হয়,বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়ভার দল বহন করবে না। একইসঙ্গে
যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া
হয়েছে।কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ যুবদলের দুই নেতা বহিষ্কারের
বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত
শুক্রবার ২২ আগষ্ট বিকেলে সদর উপজেলার বৌলাই রাজখুন্তি এলাকায় মাদক ব্যবসার আধিপত্য
বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে হিমেল নামে এক যুবক নিহত
হয়। এছাড়াও এ ঘটনায় প্রায় ২০জন আহত হয় এবং বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আকাশজমিন/আরআর