সিরাজগঞ্জ প্রতিনিধি / : 91
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. ফরিদুল ইসলাম ওরফে বিটকেল (১৯)–কে গ্রেফতার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটে সদর থানার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-১২ এর সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্যক্ত করছিল। গত ৩১ আগস্ট দুপুরে সুযোগ বুঝে সে মানসিক প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম তার মাকে জানালে, এ ঘটনায় ১ সেপ্টেম্বর রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং–১, তারিখ–০১/০৯/২০২৫)।
ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। পরে র্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় সদর কোম্পানির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের মো. বাদশা শেখের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আকাশজমিন / আরআর