রাজবাড়ী (গোয়ালন্দ) প্রতিনিধি
রাজবাড়ীর সদর থানায় এক কৃষক অভিযোগ করেছেন যে, তার কাছ থেকে জোরপূর্বক এক লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ভুক্তভোগী কৃষক তোফাজ্জল হোসেন (৪৭) সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিরচর চাঁদপুর এলাকার বাসিন্দা। তিনি জানিয়েছেন, এ ঘটনায় দুইজনের নামসহ ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে আছেন মোঃ সাইদুর রহমান মোস্তাক (৪৯) ও সামাদ কাজী (৫১)। ভুক্তভোগী কৃষক জানান, ১৪ অক্টোবর মঙ্গলবার তিনি ফরিদপুরের ঝিলটুলী টাওয়ার এলাকা থেকে কলা বাগান সম্প্রসারণের জন্য এক আত্মীয়ের কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে।
দুপুর ১২ টার দিকে তিনি যখন বাইতুন-নুর-জামে মসজিদের সামনে পৌঁছান, তখন অভিযুক্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আরও ৪-৫ জন অজ্ঞাতস্বরূপ ব্যক্তি তার কাছে অতিরিক্ত পাঁচ লাখ টাকার চাঁদা দাবি করে। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা ছুরি দিয়ে তার মাথা ও বুকে আঘাতের হুমকি দেয়। ভুক্তভোগীর ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বলেন, “আমি আমার ১০ বিঘা জমিতে কলা চাষ করি। পরিবার চালাতে আমি আত্মীয়ের কাছ থেকে ধার নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত, ফেরার পথে আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। জীবন বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।”
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহমুদুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকাশজমিন / আরআর