ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। তবে রাষ্ট্রপতি কোনো ক্ষতির সম্মুখীন হননি। বুধবার (২২ অক্টোবর) ভারতের দক্ষিণ প্রান্তবর্তী রাজ্য কেরালার থিরুভানান্থাপুরম জেলায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সময় প্রায় সাড়ে ১১টায় প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর MI-17 চপার হেলিকপ্টার। হেলিকপ্টার অবতরণ করার সময় হেলিপ্যাডের একাংশের কংক্রিট ভেঙে যায়। এতে হেলিকপ্টারের চাকা বসার সঙ্গে সঙ্গে খানিকক্ষণের জন্য এটি বেসামাল হয়ে যায়।
হেলিকপ্টার দুর্ঘটনার সময় রাষ্ট্রপতি মুর্মু নিরাপদে ছিলেন এবং কোনো আঘাত পাননি। নিরাপত্তা ব্যবস্থার একজন কর্মকর্তা এনডিটিভিকে জানান, হেলিকপ্টারটি মূলত পম্বা জেলার নিলাক্কালে অবতরণ করার কথা ছিল, কিন্তু সেখানে খারাপ আবহাওয়ার কারণে প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করতে হয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের কেরালা সফরে রয়েছেন। সেখানে তিনি সবরিমালা মন্দির পরিদর্শন ও প্রার্থনা করবেন। গত ২১ অক্টোবর সন্ধ্যায় তিনি থিরুভানান্থাপুরম বিমানবন্দরে পৌঁছান এবং ২৫ অক্টোবর এই সফর শেষ হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনার পর রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। হেলিপ্যাডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, এই ধরনের দুর্ঘটনা হেলিকপ্টার অবতরণের সময় ন্যূনতম ঝুঁকি সত্ত্বেও কখনো কখনো ঘটে। রাষ্ট্রপতি মুর্মুর নিরাপদ অবতরণ বিষয়টি নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ।
আকাশজমিন / আরআর