জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া (ড্রাফট) তাদের কাছে উপস্থাপন করতে অপারগতা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তিনি বলেন, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে—যা ইতিবাচক অগ্রগতি হলেও খসড়ার বিষয়বস্তু প্রকাশ না করায় এখনই আশাবাদী হওয়া যাচ্ছে না।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এনসিপির সদস্য সচিব বলেন, “কমিশন জানিয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছে। তবে এর মধ্যে কী বক্তব্য, কী প্রতিশ্রুতি বা কার্যকর কাঠামো থাকছে—তা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। কমিশন খসড়াটি উপস্থাপন করতে অপারগতা জানিয়েছে, যা আমাদের কিছুটা হতাশ করেছে।”
তিনি বলেন, “আমরা চাই কমিশন যেন কোনোভাবেই জুলাই ঘোষণাপত্রের মতো রাজনৈতিক চাপের মুখে একটি কাগুজে দলিল তৈরি না করে। জুলাই সনদের বাস্তবায়ন যেন হয় জাতির প্রত্যাশা অনুযায়ী এবং আইনি ভিত্তিসম্পন্ন।”
আখতার হোসেন আরও বলেন, “আমরা কমিশনকে অনুরোধ করেছি খসড়াটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, যাতে আমরা তা পর্যালোচনা করতে পারি এবং যথাযথ মতামত দিতে পারি। আমরা চাই না এটি একতরফা কোনো দলীয় সিদ্ধান্ত হয়ে উঠুক।”
তিনি বলেন, “জুলাই সনদের আইনি বৈধতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এনসিপি তাদের আন্দোলন চালিয়ে যাবে। কারণ এ সনদের পূর্ণ বাস্তবায়নই বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ দেখাতে পারে।”
বৈঠক প্রসঙ্গে তিনি জানান, কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি নিজেদের দাবিগুলো স্পষ্টভাবে উপস্থাপন করেছে। কমিশন জানিয়েছে, তারা এই বিষয়গুলো সরকার ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনায় তুলবে।
আখতার হোসেন আরও বলেন, “আমরা লক্ষ্য করছি, কিছু রাজনৈতিক দল জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেও পরে বিভক্ত হয়ে গেছে। কেউ এর বাস্তবায়ন ঠেকাতে চাইছে, আবার কেউ স্বাক্ষর বাতিলের চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই জনগণের আস্থা ফিরিয়ে আনবে এবং রাষ্ট্রকে একটি নতুন রাজনৈতিক সমঝোতার পথে নিয়ে যাবে।”
আকাশজমিন / আরআর