নরসিংদী প্রতিনিধি:
এ আসনটি টানা ছয়বার ধরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর দখলে রয়েছে। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নরসিংদী-৫ আসনে ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগ জয়লাভ করে আসছে।
এর আগে ১৯৯১ ও ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ১৯৯৬ সালের জুন নির্বাচনের পর থেকে এ আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়।
দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনৈতিক দমন-নিপীড়ন ও মামলার মুখে থেকেও বিএনপির রাজনীতি সচল রেখেছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। ২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করেন, মনোনয়ন ‘ছিনতাইয়ের’ কারণে তখন দল পরাজিত হয়।
এবারও যাতে এমন ঘটনা না ঘটে, সেজন্য তৃণমূল বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা মনে করেন, বকুলের নেতৃত্বে এ আসনে বিএনপি পুনরুজ্জীবিত হতে পারবে।
জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন বলেন, “বিগত কয়েকটি নির্বাচনে মনোনয়ন নিয়ে বিরোধের কারণে আমরা পরাজিত হয়েছি। এবার সেই ভুল যেন না হয়। আমরা একতাবদ্ধ থেকে বকুল ভাইয়ের নেতৃত্বে জয় চাই।”
তৃণমূল বিএনপি নেতা-কর্মীরা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে মনোনয়ন দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। এ আসনে এবার মোট ৭ জন মনোনয়ন চেয়েছিলেন বলে জানা গেছে।
আকাশজমিন / আরআর