সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বিল্লাল হোসেনের ছেলে ও বিএনপি নেতা মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন, তার বাবার হত্যার সঙ্গে জড়িত চক্র তার ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, যারা তার বাবাকে হত্যা করেছে, তারা এখন একটি রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
মাসুম বিল্লাহ এক প্রতিবাদী বিবৃতিতে জানান, “আমি অতীতে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলাম এবং এখনও আছি। কিন্তু কিছু মহল আমার বক্তব্য বিকৃত করে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এটি উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চক্রান্ত।”
তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি আইনকে শ্রদ্ধা করি এবং শিগগিরই এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।” মাসুম বিল্লাহ সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিও ও পোস্টে বিশ্বাস না করার জন্য।
আকাশজমিন / আরআর