বিভিন্ন ব্যাংক থেকে লুট করা টাকা দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে ও নির্দেশ দিয়েছে, তারাই লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতু আর মেট্রোরেলের আত্মসাৎ করা টাকা থেকেই এখন নাশকতার টাকার যোগান আসছে।”
রিজভী আরও বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে সব মতের মানুষ তাদের মতামত সুন্দরভাবে প্রকাশ করতে পারবে এবং ভোট হবে নির্বিঘ্ন, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক। শেখ হাসিনার অপরাধের শাস্তি যথাযথ হলে সেটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি অভিযোগ করেন, “মিডিয়াকে নিয়ন্ত্রণে নিয়ে অপপ্রচার চালিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। শেখ হাসিনা আমলের মতো নির্দেশিত আদালত এখন হবে না, সেটাই জনগণের বিশ্বাস। জনগণ চায় ন্যায্য বিচার এবং সেই ন্যায্য বিচার জনগণ প্রত্যক্ষ করছে।”
বিএনপির এই নেতা আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা বাহিনী কী নির্মমভাবে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরামদের হত্যা করেছিল। শিশু সন্তানদের নির্বিচারে হত্যা করে যে বিভীষিকা দেখিয়েছিল তারা, সেগুলো এখনও আমাদের মনে রয়ে গেছে।”
তিনি বলেন, “ফ্যাসিবাদের আমলে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে। আমরা বারবার বলেছি, এই আগুনের সাথে গণতন্ত্রকামী মানুষের কোনো সম্পর্ক নেই, বিএনপির নেতাকর্মীদের সম্পর্ক নেই। আমরা সুস্পষ্ট প্রমাণও দিয়েছি। আগুন সন্ত্রাস কারা করে তার নমুনা এখন দৃশ্যমান।”
রিজভী ভারতের প্রতি তীব্র সমালোচনা জানিয়ে বলেন, “ভারতে বসে শেখ হাসিনার নির্দেশনা আইনসম্মত নয়। ভারত কেন তা হতে দিচ্ছে? অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ দিয়ে আইনের লঙ্ঘন করছে ভারত। বাংলাদেশের মানুষ এটি ভালোভাবে দেখছে না, এমন আচরণ কাম্য নয়।”
তিনি আরও জানান, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অনুষ্ঠান আয়োজনের চিন্তা করলে সেই অর্থ দান করতে হবে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
আকাশজমিন / আরআর