কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মঙ্গলবার কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক গণ-সমাবেশে বলেছেন, একটি দল একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। তিনি বলেন, এক শ্রেণির মানুষ চায়—বিগত ১৫ বছরে একটি দল যেভাবে দেশের মানুষকে কুক্ষিগত করেছিল, পালাবদলের নামে কেউ কেউ আগামী ১৫ বছর ক্ষমতায় আঁকড়ে থাকার স্বপ্ন দেখছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে এবং নতুন কোন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না।
মাওলানা মামুনুল হক আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ এবং জুলাই সনদভিত্তিক বাংলাদেশ। এই সমাবেশে খেলাফত মজলিস কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জল হক রাশিদী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন ও উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বাইজিদ আহম্মেদ যৌথভাবে সঞ্চালনা করেন।
বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাও. শফিকুল ইসলাম রুহানী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা উসমান গণি, পাকুন্দিয়া উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, কুলিয়ারচর উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দীন, নিকলী উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলনের কটিয়াদী উপজেলা সভাপতি সোয়েব ভুইয়া।
সমাবেশে উপস্থিত ছিলেন আরও খেলাফত মজলিস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আকাশজমিন / আরআর