ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের অসুস্থতায় দ্রুতই দেশে ফিরছেন তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ২৯ নভেম্বর, ২০২৫ সময় : ৩:৩৫ পিএম

অনলাইন রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘিরে দলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মায়ের শারীরিক অবস্থা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে দ্রুতই তারেক রহমান দেশে ফিরতে পারেন। তবে তিনি ঠিক কোন তারিখে ফিরবেন, তা এখনও নিশ্চিত জানা যায়নি।

সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া, কিডনি ও লিভারের জটিলতা, ডায়াবেটিসসহ দীর্ঘদিনের নানা শারীরিক সমস্যায় তিনি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাঁর শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলেই মনে করছেন চিকিৎসকরা।

তারেক রহমান লন্ডনে অবস্থান করলেও মায়ের চিকিৎসা সংক্রান্ত প্রতিটি আপডেট তিনি নিয়মিত পাচ্ছেন। তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। পরিবার থেকেও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার হাসপাতালে অবস্থান করছেন।

দলীয় নেতাদের উপস্থিতিও গত কয়েক দিন ধরে হাসপাতালে বেড়েছে। শুক্রবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম খালেদা জিয়ার অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান। পরে রাতেও তিনি সেখানে যান। তাঁর সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতারাও হাসপাতালে সমবেত হন।

দলীয় সূত্র জানায়, আগামী ডিসেম্বরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর আগে থেকেই আলোচনা ছিল, তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন। দেশে ফিরে তিনি ভোটার হবেন এবং নির্বাচনী প্রচারণায় সরাসরি যুক্ত হওয়ার পরিকল্পনাও করেছিলেন।

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে তাঁর নিরাপত্তা, বাসভবন সংস্কার, রাজনৈতিক অফিস সজ্জা, পরিবহন ব্যবস্থা, সংগঠনের প্রস্তুতিমূলক কার্যক্রম—সবই আগেই সম্পন্ন করা হয়েছে। তাঁর ঘনিষ্ঠ নেতাদের কেউ কেউ জানিয়েছেন, তাঁর পরিকল্পনা ছিল সৌদি আরবে ওমরাহ পালন করে এরপর সরাসরি দেশে ফেরা।

তবে হঠাৎ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হয়ে যাওয়ায় তাঁর পুরোনো পরিকল্পনা বদলে যেতে পারে বলে দলীয় শীর্ষ মহলের ধারণা। মায়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণে খুব শিগগিরই ঢাকায় ফিরে আসার বিষয়ে তিনি গুরুত্বের সঙ্গে ভাবছেন।

এরই মধ্যে দলীয় নেতা–কর্মীদের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য আগমন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দলের দ্বিতীয় শীর্ষ নেতার দেশে ফেরার সম্ভাবনায় নেতা–কর্মীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা কাজ করছিলই। এখন খালেদা জিয়ার অসুস্থতা সেই সময়সূচি আরও এগিয়ে আনতে পারে।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি আরও সংকটাপন্ন হয়, তাহলে তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরতে পারেন। দলীয় অঙ্গনেও এ নিয়ে নীরব প্রস্তুতি চলছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর