কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ১৬ শতক জমির দখলকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে নিহতরা হলেন আলতাফ হোসেন (৫৫), মানিক মুন্সির ছেলে এরশাদুল হক (৪২) ও মানিক মুন্সির বোন কুলসুম বেগম (৫০)। এ ঘটনায় আলতাফের ছেলে মোফাজ্জল হোসেনকে পুলিশ আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই দাগের ১৬ শতক জমি যৌথভাবে কেনার উদ্দেশ্যে চারজন—নূর মোহাম্মদ, মানিক মুন্সি, আলতাফ হোসেন ও আজিজার রহমান—টাকা দিয়েছিলেন। কিন্তু জমির দলিল করেননি কেউ। পরে জমিটি দখলে নেয় নূর মোহাম্মদ ও মানিক মুন্সির পক্ষ। এ নিয়ে আলতাফ ও আজিজারদের সঙ্গে বিরোধ চলছিল।
রোববার সকালে জমি দখলের উদ্দেশ্যে আলতাফ ও আজিজার জনসমাগম নিয়ে গেলে দুই পক্ষের মধ্যে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এরশাদুল হক ও কুলসুম বেগম। গুরুতর আহত আলতাফ হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
ঘটনায় গুরুতর আহত হয়েছেন মানিক মুন্সি, নূর মোহাম্মদ, এরশাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম মঞ্জু, জোবায়দুর, সফিকুল ইসলাম, মর্জিনা বেগম, আজিজার রহমান ও পারুল বেগম। তাদের কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি রেজাউল করিম রেজা জানান, জমি বিরোধের কারণে সংঘর্ষের এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলেও বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ধরনের জমি বিরোধ ও পারিবারিক কলহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রমেই বাড়ছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয় প্রশাসনের কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো বেশি ঝামেলা ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
আকাশজমিন / আরআর