অনলাইন রিপোর্টার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটজনক, তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বিভিন্ন শারীরিক প্যারামিটার আগের তুলনায় কিছুটা উন্নতি দেখাচ্ছে। তবে দেশের বাইরে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে নেওয়া যাবে কিনা, তা নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।
এর আগে গত জানুয়ারি মাসে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখানে প্রথমে হাসপাতালে এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন। প্রায় চার মাস লন্ডনে অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন।
বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)। মঙ্গলবার দুপুরে হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিদেশে নেওয়ার জন্য সকল প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থায় এবং মেডিকেল বোর্ডের অনুমতি ছাড়া কিছু করার সুযোগ নেই। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁকে দেখবেন এবং বোর্ডের অনুমোদনের পরে যদি প্রয়োজন হয়, বিদেশে নিয়ে যাওয়া হবে।
চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আরও কয়েকজন বিশেষজ্ঞ অনলাইনে এবং সরাসরি যুক্ত রয়েছেন।
মঙ্গলবার রাতে চীনের নতুন বিশেষজ্ঞ দলও ঢাকায় পৌঁছেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে খালেদা জিয়ার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তার আশু আরোগ্যের জন্য দোয়া ও প্রার্থনা করা হয়।
চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা দেখতে মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা পরিবারের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি তার সুস্থতার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা সম্পন্ন করার তাগিদ দিয়েছে। মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানান, তার অবস্থা স্থিতিশীল এবং তিনি ডাক দিলে কিছুটা সাড়া দিচ্ছেন। বোর্ড বৈঠকে দেশি-বিদেশি চিকিৎসকরা যুক্ত হয়ে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসায় প্রয়োজনীয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিচ্ছেন।
সরকার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ ঘোষণা করার পর এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। এসএসএফ আইন, ২০২১ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। হাসপাতালের লবি, চত্বর ও কেবিন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।