নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের নিজ বাসা থেকে মো. ইমরুল ভূঁইয়া (৩৭) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে এই লাশ উদ্ধার করা হয়। ইমরুল ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে এবং একাই বাস করতেন।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানিয়েছে, ইমরুল ভূঁইয়ার পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। তার স্ত্রীর সঙ্গে গত এক বছর ধরে মামলা চলে আসছিল। বুধবার দুপুরে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ভেতরে গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয়রা নিহত যুবকের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন এবং দ্রুত মামলার সুষ্ঠু তদন্তের আশা প্রকাশ করেছেন।
আকাশজমিন / আরআর