আগামীকাল সূর্যোদয়ের মতো জামাতের বিজয় সুনিশ্চিত: আতাউর রহমান বাচ্চু
নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামের নড়াইল-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির আতাউর রহমান বাচ্চু বলেছেন, “সারা দেশে জামায়াতে ইসলামের যে গণজোয়ার দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে আগামীকাল সূর্যোদয়ের মতো এবারের নির্বাচনে জামাতের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমি আমার আদর্শের কথা বলবো, আপনি আপনার আদর্শের কথা বলুন। জনগণ যাকে গ্রহণযোগ্য মনে করবে, তাকেই বেছে নেবে। কেউ যদি অতীতে যেমন পেশিশক্তি ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করে বা জালিমের ভূমিকা পালন করে, তাদের জন্য আমাদের শুধু দুঃখ থাকবে।”
বাচ্চু বলেন, “দেশ ও এলাকার উন্নয়ন করতে হলে বিশাল হৃদয় থাকতে হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান সেই মানবিক হৃদয়ের অধিকারী। তিনি জাত, ধর্ম বা বর্ণের কোনো বিভেদ ছাড়াই মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন।”
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মোল্লার মাঠে জামায়াতে ইসলামের পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মোল্লার মাঠ থেকে একটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের নির্বাচন পরিচালনা পরিষদের পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ।
অনুষ্ঠানে নায়েবে আমির মাস্টার জাকির হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাশার, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, জামায়াত নেতা আলমগীর হোসেন, কর্মপরিষদের হেমায়েতুল হক হিমু, প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি মো. খিয়াম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সালাহউদ্দিনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।