জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে সোমবার রাত ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পের পর উপকূলে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হেনেছে, তবে সর্বোচ্চ তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউ উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে মিসাওয়া শহর থেকে প্রায় ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে, যার কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৩.১ কিলোমিটার নিচে। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এরপর হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের উপকূলে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়।
দেশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আওমোরি থেকে ইওয়া পর্যন্ত বন্দর এলাকায় সুনামি আঘাত শুরু হতে পারে। বর্তমানে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
জাপানের এই ভূমিকম্প এবং সুনামি সতর্কতা থেকে জনসাধারণকে সচেতন থাকতে বলা হয়েছে এবং জরুরি প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আকাশজমিন / আরআর