অনলাইন রিপোর্টার
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এ তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ট্রাম্প জানান, “যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুন খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। এটি মার্কিন নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ হিসেবে কাজ করবে। আমাদের কোম্পানিগুলো মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।”
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ভিসা পেতে হলে আগ্রহী ব্যক্তিদের প্রথমে trumpcard.gov ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সেখানে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে চাপ দিলে আসবে ফরম। ফরম পূরণ ও জমা দেওয়ার সময় দিতে হবে ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ২১ হাজার ৯৬৪ টাকা) ভিসা প্রসেসিং ফি হিসেবে। ফি নেবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আবেদনপত্র যাচাই শেষে ভিসার জন্য আবেদনকারীকে দিতে হবে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা), যা ট্রাম্পকার্ড ওয়েবসাইটে ‘উপহার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প গোল্ড ভিসার মর্যাদা গ্রিন কার্ডের মতো। গ্রিন কার্ডধারীর মতো এই ভিসাধারীরাও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করতে পারবেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, মূলত এটি একধরনের গ্রিন কার্ড, তবে প্রচলিত গ্রিন কার্ডের চেয়ে শক্তিশালী এবং নাগরিকত্ব লাভের জন্য আদর্শ পথ।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, প্রাক-নিবন্ধন পর্যায়ে প্রায় ১০ হাজার ব্যক্তি ট্রাম্প গোল্ড ভিসার জন্য আবেদন করেছেন। তিনি আশা করছেন, সময়ের সঙ্গে সঙ্গে হাজার হাজার আবেদন জমা হবে এবং মার্কিন কোষাগারে শত কোটি ডলার আগমন হবে।
২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর দেশজুড়ে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার ও নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন বন্দিশালায় আরও অনেক অবৈধ অভিবাসী আটক আছেন।
রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, নতুন ট্রাম্প গোল্ড ভিসার মাধ্যমে অভিবাসনের ক্ষেত্রে ভারসাম্য আনা হয়েছে এবং মার্কিন অর্থনীতিতে বড় ধরনের অর্থের আগমনও নিশ্চিত হয়েছে। ধনী ও যোগ্য ব্যক্তিদের জন্য সরাসরি নাগরিকত্বের সুযোগ হিসেবে এই পদক্ষেপ কার্যকর হবে।
আকাশজমিন / আরআর