ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ওসমান হাদি হত্যাচেষ্টা

জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার


  • আপলোড সময় : শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:০৮ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টা একটি গুরুতর অপরাধ। সরকার এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। যারা এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে সহায়তা করবেন, তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তিনি শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। বলেন, সবার দোয়ায় তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন—এমনটাই আমরা প্রত্যাশা করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হত্যাচেষ্টার ঘটনায় জড়িত আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। আশা প্রকাশ করে তিনি বলেন, সবার সহযোগিতা পেলে খুব শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের সবার নিরাপত্তা সরকার নিশ্চিত করবে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এতদিন শুধুমাত্র সরকারি কর্মচারীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও যদি অস্ত্রের লাইসেন্স চান, তাহলে প্রয়োজন অনুযায়ী তাদের লাইসেন্স দেওয়া হবে। যাদের কোনো অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা রয়েছে, সেগুলো যাচাই-বাছাই শেষে ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সরকার তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।

এ ধরনের অপরাধে জড়িতদের জামিন পাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেপ্তার করছে। তবে জামিন দেওয়ার ক্ষমতা আদালতের। এরপরও সরকার পুনরায় তাদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তার আগমন উপলক্ষে যত ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সরকার তা গ্রহণ করবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর