মোঃ মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর
ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহকে সন্ত্রাসীদের গুলিবিদ্ধ করার প্রতিবাদে এবং জড়িত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা হামলার প্রতিবাদে স্লোগান দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরিজ, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, এটি কোনো একক ব্যক্তির ওপর হামলা নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এই হামলা পুরো জাতির ওপর চালানো হামলার শামিল। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। এই নির্বাচনকে বানচাল করতে একটি চক্র পরিকল্পিতভাবে দেশে-বিদেশে বসে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তবে যেকোনো মূল্যে এই অপচেষ্টা প্রতিহত করা হবে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি রাজপথে থাকবে।
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, একই ধারাবাহিকতায় রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার অপচেষ্টা চলছে। এসব হামলার পেছনে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসবেন। তার আগমনকে ফরিদপুরবাসী স্বাগত জানাবে। তার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা। এ সময় ফরিদপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আকাশজমিন / আরআর