অনলাইন রিপোর্টার
চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন ও মেধাহীন করার উদ্দেশ্যেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, জুলাইয়ে পরাজিত শক্তি হাদিকে হত্যার মাধ্যমে দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ধরনের চক্রান্তে আরও অনেক দেশপ্রেমিক ও প্রতিবাদী মানুষ হিট লিস্টে রয়েছেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও সেই অপশক্তির চরিত্র বদলায়নি। তখন যেমন বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে দেশকে দুর্বল করার চেষ্টা হয়েছিল, এখনো একই কৌশলে নতুন প্রজন্মের নেতৃত্ব ও প্রতিবাদী কণ্ঠগুলোকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে।
আসিফ মাহমুদ বলেন, শরিফ ওসমান হাদি জুলাই গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক বাস্তবতায় একটি শক্তিশালী ও সাহসী কণ্ঠ হিসেবে সামনে এসেছিলেন। জনগণের পক্ষে কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে। তিনি দাবি করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
তিনি আরও বলেন, ‘যেভাবে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা পরাজিত হয়েছিল, ঠিক সেভাবেই এবারও দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে। যারা গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার ধ্বংস করতে চায়, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’
সাবেক এই উপদেষ্টা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে তাদের আদর্শ ও আত্মত্যাগ আজকের প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাচ্ছে। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশকে নেতৃত্বহীন ও মেধাহীন করার সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তিনি সতর্ক করে বলেন, যদি এসব ষড়যন্ত্র রুখে দেওয়া না যায়, তাহলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশবিরোধী শক্তির যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে দমন করা হবে। জনগণকে সঙ্গে নিয়েই এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন তিনি।
আকাশজমিন / আরআর