ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়। হামলার ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি শনাক্ত করা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। ভুয়া নম্বর প্লেটটি পরে ম্যানহোলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
তদন্তে আরও জানা যায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। এরপর মোটরসাইকেলটি শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল এবং পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তির কাছে হাতবদল হয়। সর্বমোট আটবার মালিকানা পরিবর্তনের পর হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি ক্রয় করা হয়।
উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট পরবর্তী তদন্ত কার্যক্রমের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএমপি জানায়, এসব আলামতের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সকলে সনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পেছনে কারা দায়ী এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা তদন্তের মাধ্যমে প্রকাশ করা হবে। সাধারণ মানুষকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি পুলিশ আরও সতর্ক অবস্থানে রয়েছে।
আকাশজমিন / আরআর