ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রবাসী মেলা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। জেলা জনশক্তি কর্মসংস্থান ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ‘‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালিত হয়।
১৮ ডিসেম্বর সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা উপস্থিত থেকে মেলা ও জব ফেয়ার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আখতারুজ্জামান, বেসরকারি এনজিও এফডি’র উপদেষ্টা মো. আজহারুল ইসলাম, এসডিএস’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ’র নির্বাহী পরিচালক আ ন ম ফজলু আদি সাব্বির এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বৈধ পদ্ধতিতে বিদেশ গমন ও কর্মসংস্থানের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকার বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ যাওয়া প্রবাসীদের সব ধরনের সহায়তা প্রদান করবে। এতে কর্মসংস্থান ও রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের সুরক্ষাও নিশ্চিত হবে।
প্রবাসী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল মালিকরা জানান, মেলা থেকে সঠিক নিয়ম মেনে বিদেশ যাওয়া নিশ্চিত করা হবে এবং প্রবাসীদের জন্য দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা হবে।
মেলায় মোট ২৫টি স্টল অংশগ্রহণ করে। এ ছাড়া এসডিএস’র উদ্যোগে সাংস্কৃতিক মঞ্চে গান, পথনাটক ও জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পীরা পরিবেশনা করে প্রবাসী হওয়ার সুবিধা ও ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে সচেতন করেছেন। ফরিদপুরে অনুষ্ঠিত এ দিবসের কর্মসূচি প্রবাসীদের দক্ষতা বৃদ্ধি ও বৈধ পথে বিদেশে যাত্রাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।
আকাশজমিন / আরআর