ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন আসিফ-মাহফুজ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৫১ পিএম

নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেই।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তা বিবেচনায় সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সরকারি বাসায় থাকতে হচ্ছে। তিনি বলেন, “নিরাপত্তাজনিত কারণেই আমরা সরকারি বাসায় অবস্থান করছি। এ ছাড়া নিয়ম অনুযায়ী পদত্যাগের পরও নির্দিষ্ট সময় পর্যন্ত সরকারি বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।”

তিনি আরও জানান, সরকারি নিয়ম অনুযায়ী দুই মাস পর্যন্ত একটি গ্রেস পিরিয়ড রয়েছে, যার মধ্যে বাসা ছাড়ার বিষয়ে আইনগত কোনো জটিলতা নেই। ফলে বিষয়টিকে অস্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

গত ১০ ডিসেম্বর বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই পদত্যাগপত্র কার্যকর হবে।

এর পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। পরে ওই দিন সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তাদের পদত্যাগপত্র কার্যকর হয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই সরকারে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, মাহফুজ আলম ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগ পেয়ে শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন, যদিও তখন তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম পদত্যাগ করলে মাহফুজ আলমকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। সব মিলিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রায় ১৫ মাস এবং মাহফুজ আলম প্রায় ১৩ মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং আওয়ামী লীগ সরকার পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, তখন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়। প্রথমে কর্মসূচির তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০২৪ সালের ৬ আগস্ট, পরে তা একদিন এগিয়ে ৫ আগস্ট করা হয়। এই কর্মসূচির ঘোষণা আসে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মাধ্যমে, যা তৎকালীন সরকারের পতন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে প্রথম অংশগ্রহণের সময় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সফরসঙ্গী হিসেবে মাহফুজ আলমকে নির্বাচন করেন। এ সফরে প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তাকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেন, যা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর