সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মো. আশরাফুজ্জামান আশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারে করে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টারে করে তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মো. আশরাফুজ্জামান আশু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা-২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন জানান, সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজ বাসভবনে অবস্থানকালে আশরাফুজ্জামান আশু হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. কাজী আরিফ জানান, আশরাফুজ্জামান আশু আগে থেকেই বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে। বর্তমানে তিনি জন্ডিস, কিডনি জটিলতা ও অনিয়ন্ত্রিত রক্তচাপজনিত সমস্যায় আক্রান্ত। এসব জটিলতা বিবেচনায় নিয়ে পরিবারের সম্মতিতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে রেফার করা হয়েছে।
জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি জানান, এর আগেও আশরাফুজ্জামান আশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়।
হেলিকপ্টারে তাঁকে ঢাকায় পাঠানোর সময় জেলা জাতীয় পার্টির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা জেলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে আশরাফুজ্জামান আশুর অসুস্থতার খবরে সাতক্ষীরায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।
জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা নেতৃত্ব আশরাফুজ্জামান আশুর দ্রুত আরোগ্য কামনা করে দলীয় নেতাকর্মীসহ সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়েছেন।