ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

আজ লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান


  • আপলোড সময় : বুধবার ২৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:৫৯ পিএম

অনলাইন রিপোর্টার

দেড় যুগ পর দেশের মাটিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি দেশে পৌঁছাবেন। দীর্ঘ সময় পর তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। তাদের আগমনকে কেন্দ্র করে রাজধানীসহ আশপাশের এলাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্বাচলসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনার প্রস্তুতি নেয়া হয়েছে। দলটির প্রত্যাশা, এই সংবর্ধনায় অন্তত ৫০ লাখ নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচল এলাকায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানেই তাকে গণসংবর্ধনা দেওয়া হবে।

দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তা অতীতের সব রাজনৈতিক আয়োজনকে ছাড়িয়ে যাবে। শুধু নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষও এই গণসংবর্ধনায় অংশ নেবেন বলে আশা প্রকাশ করছেন বিএনপি নেতারা।

বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। এরপর তিনি পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলটির নেতাকর্মীরা কাজ করছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে দলের নিজস্ব ব্যবস্থার পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে বিএনপি। অনুষ্ঠানস্থলে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দফায় দফায় দলটির শীর্ষ নেতারা প্রস্তুতি পরিদর্শন করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা এটিকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন।

প্রসঙ্গত, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। এই দীর্ঘ সময়ে স্ত্রী ডা. জোবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি। দেড় যুগ পর তার এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর