ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

ঢাকামুখী বিএনপি নেতাকর্মীদের জনস্রোত


ঢাকামুখী বিএনপি নেতাকর্মীদের জনস্রোত

  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ১০:০৯ এএম

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকামুখী হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। বাস, ট্রেন, লঞ্চসহ নানা ধরনের যানবাহনে করে ইতোমধ্যে কয়েক লাখ মানুষ ঢাকায় পৌঁছেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বাংলাদেশ সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর বহনকারী উড়োজাহাজটি অবতরণের কথা রয়েছে।

তারেক রহমানের সঙ্গে একই বিমানে দেশে আসছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত কর্মকর্তা আবদুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিএনপি।

দলীয় সূত্র জানায়, বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির শীর্ষ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনাস্থলে যাবেন। সেখানে সংবর্ধনা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি বড় অংশজুড়ে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। পুরো আয়োজন নির্বিঘ্ন করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৯০০ মাইক স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে আবদুল্লাহপুর, বিশ্বরোড, বনানী, মহাখালী, যমুনা ফিউচার পার্ক হয়ে ৩০০ ফিট সড়ক ধরে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এসব মাইক বসানো হবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবর্ধনাস্থলের বাইরেও নেতাকর্মীদের ঢল ৩০০ ফিট সড়ক ছাড়িয়ে বিমানবন্দর সড়কের উত্তরা-বনানী অংশ পর্যন্ত বিস্তৃত হতে পারে। সে লক্ষ্যে সংবর্ধনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত মাইক এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপন করা হবে।

গণসংবর্ধনার মঞ্চে তারেক রহমানের সঙ্গে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতা এবং দেশের বিশিষ্ট নাগরিকরা। মঞ্চের সামনে ও দুই পাশে ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত বিশেষ ব্যারিকেড স্থাপন করা হবে। ব্যারিকেডের বাইরে উভয় পাশে অবস্থান করবেন নেতাকর্মীরা।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দেশের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। ঢাকামুখী এই জনস্রোত সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য দলটি শৃঙ্খলা কমিটি ও স্বেচ্ছাসেবক টিম গঠন করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে স্বাগত মিছিল ও প্রস্তুতি সভা চলছে। এ ছাড়া ১০টি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।

নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পুলিশ প্রটেকশনসহ বিশেষ নিরাপত্তা বলয় থাকবে তারেক রহমানের জন্য। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তাঁর সার্বিক নিরাপত্তার দায়িত্বে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে।

এ ছাড়া জরুরি স্বাস্থ্যসেবার জন্য ৩০টি মোবাইল মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। বিমানবন্দর ও ৩০০ ফিট এলাকার আশপাশের হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তারেক রহমানের আগমনে রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর